ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইউপি নির্বাচন এখন এক আতঙ্ক : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন শৃংখলা রক্ষায় নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচন নিয়ে হামলা-পাল্টা হামলা আর গুলি, নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইউপি নির্বাচন এখন এক আতঙ্ক,মঙ্গলবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।


জাপা চেয়ারম্যান বলেন, সারাদেশে চলছে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এক সময় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতো। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন, উৎসবের পরিবর্তে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার, যেন কিছুই করার নেই তাদের।


পাশাপাশি আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের সামনে প্রতিদিনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতাশ করছে জাতিকে। কয়েক দিনে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে একজন মায়ের দুই ছেলেকেই কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এরচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর হতে পারে না।


বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন শন্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে না এটা হতে পারে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আরও কঠোর উদ্যোগ নিতে হবে।

ads
ads
ads

Our Facebook Page